নিউজ ডেস্ক ২রা মে ২০২১:নতুন করে গণনা হতে পারে নন্দীগ্রামে। ‘‘আপাতত জয়ী শুভেন্দু অধিকারী। তবে পুনরায় গণনা হবে কিনা এবং হলেও আংশিক না সম্পূর্ণ গণনা হবে তার সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার।

আজ রবিবার সব কটি আসনের ফল ঘোষণার পরেও নন্দীগ্রাম ঘিরে ছিল দুপুর থেকেই বিভ্রান্তি। পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯৭৮৭ বলে জানা গিয়েছে। ১৭ রাউন্ড ভোটগণনার পর সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর আসছিল।তারপরই বলা হয় সার্ভারের সমস্যা থাকায় কিছু ঠিক ভাবে জানা যাচ্ছেনা।সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।তার পরেই শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে। নন্দীগ্রামের এই রায় কার্যত মাথা পেতে নিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কে।নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে সাংবাদিক বৈঠকেকে জানান মমতাও। তারপরেই উল্টো সুর শোনা গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, ‘‘আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। আদালতে যাব।’’ এর কিছু পরে টুইট করে তৃণমূলের তরফে জানানো হয়, নন্দীগ্রামে গণনা এখনও চলছে। কোনও রকম জল্পনায় কান না দেওয়ার জন্য অনুরোধও করা হয়। এসব ঘটনার পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনর্গণনা হতে পারে বলে ঘোষণা করেন।



















