নিজস্ব সংবাদদাতা ৭মে ২০২১ উত্তর দিনাজপুর: রায়গঞ্জে বিজেপি প্রার্থী জয়ের পর বিজেপির সন্ত্রাস। এক তৃনমূল কংগ্রেস কর্মীকে রিভলবারের বাঁট দিয়ে আঘাত, বেধরক মারধর করে প্রানে মারার চেষ্টা চালানো হয়।

অভিযোগ বিজেপি নেতা অসীম অধিকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে। গুরুতর আহত অভিজিৎ সরকার নামে ওই তৃনমূল কর্মীকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা অসীম অধিকারীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। যদিও এই ঘটনার দায় অস্বীকার করে বিজেপি নেতা অসীম অধিকারীর পাল্টা অভিযোগ তাঁর উপরেই আক্রমন করেছে তৃনমূল কংগ্রেস কর্মীরা। ভোট গননার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলা। শাসক দল ও বিজেপির অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তাল হয়ে উঠেছে জেলা। শুক্রবার সকালে কলেজপাড়া বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্থানীয় তৃনমূল কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ সদ্য বিজেপিতে যোগদানকারী রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বহিস্কৃত তৃনমূল কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা আচমকা তৃনমূল কর্মী অভিজিতের উপরে হামলা চালায়। বিজেপি নেতা অসীম অধিকারী নিজে রিভলবারের বাঁট দিয়ে অভিজিতের মুখে চোখে আঘাত করে। তাঁকে গুলি করে প্রানে মেরে ফেলার চেষ্টা করতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে বিজেপি নেতা অসীম অধিকারী সহ বিজেপি আশ্রিত দুস্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা বিকাশ মল্লিক জানিয়েছেন, অভিজিৎ সরকার সকালে বাড়ি থেকে বেড়িয়ে বাজার যাচ্ছিলেন, আচমকাই বিজেপি নেতা অসীম অধিকারী ও তার দলবল অভিজিৎএর উপর হামলা চালায়। গন্ডগোল শুনে স্থানীয় লোকজন বেড়িয়ে আসতেই পালিয়ে যায় অসীম অধিকারী সহ দুস্কৃতীরা। স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা প্রশান্ত মল্লিক জানিয়েছেন, ভোটের আগের থেকেই স্থানীয় তৃনমূল কর্মী অভিজিৎ সরকার ও তাঁর পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছিল বিজেপি নেতা তৃনমূলের বহিস্কৃত কাউন্সিলর অসীম অধিকারী। আজ কলেজপাড়া বাজারে ফাঁকা জায়গায় তার উপর আক্রমণ করে। আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখেছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের। অপরদিকে বিজেপি নেতা অভিযুক্ত অসীম অধিকারী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পাল্টা অভিযোগ করেন তাঁর উপরেই হামলা চালিয়েছে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা। এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন…দুর্গাপুরে বিজেপি করার অপরাধে টেলারিং এর দোকানে ঢুকে তান্ডব চালালো দুষ্কৃতীরা



















