নিজস্ব সংবাদদাতা ২৭ফেব্রুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর:নির্বাচন ঘোষনার দিন শুক্রবার রাতে ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় গুলি চালনার ঘটনার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঝড়ের গতিতে এই খবর শহরজুড়ে ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। টিএমসিপি ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগানো একটি গাড়ি সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনায় দুজনের জখম হওয়ার খবর মিলেছে। যদিও পুলিশ প্রশাসনের তরফে গুলি চালনার খবর অস্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, এদিন বিকাল নাগাদ ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এক চায়ের দোকানে জনৈক যুবতীকে ঘিরে অশ্লীল উক্তি করা নিয়ে ঘটনার সূত্রপাত বলে অভিযোগ। সেখানেই একপ্রস্থ গন্ডগোল ও মারামারির ঘটনায় দুজন জখম হয় বলে অভিযোগ। সেই গন্ডগোল এসে পৌঁছায় রামকৃষ্ণপল্লী মোড় এলাকায়। সেখানে কোর্ট মাঠের মুখে টিএমসিপি ভাইস প্রেসিডেন্ট এহেসানুল হক ওরফে প্রিয় বাবুর গাড়ি দাঁড়ানো ছিল। দুপক্ষের গন্ডগোলের জেরে ওই গাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাস্থলে উপস্থিত রেজা কমিটির সভাপতি মসরুর আলম গুলি চালনার অভিযোগ করেন। শহরের বুকে এভাবে আগ্নেয়াস্ত্রর ব্যবহার কতটা যুক্তিযুক্ত বলে অভিযোগ তোলেন মসরুর আলম। এছাড়াও শহরের ছৌসিয়া এলাকার ছেলেদের মধ্যেই এই ঘটনা বলে জানিয়েছেন মসরুর আলম। অন্যদিকে এই ঘটনার সাথে নিজের বা তৃণমুলের কোনও যোগাযোগ বা গুলি চালনার বিষয় অস্বীকার করেছেন টিএমসিপি ভাইস প্রেসিডেন্ট এহেসানুল হক ওরফে প্রিয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
আরও পড়ুন…ভোটের আগে ভোট কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে শুরু হলো করোনা টিকাকরণ



















